ঢালিউড তারকা পরীমনি দুই সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দিবাগত রাতে ফেসবুক পোস্টে পরিবারের দুর্ভোগের কথা জানিয়ে তিনি লিখেছেন, তার মেয়ে আইসিইউতে, ছেলে জ্বরে আক্রান্ত এবং তিনিও উচ্চ জ্বরে শয্যাশায়ী।
ফেসবুক পোস্টে পরীমনি জানান, “আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।”
অভিনেত্রীর সহকারী জানান, চিকিৎসকের পরামর্শে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে পরীমনির মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে।
গত ১০ আগস্ট পরীমনির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনে ঘনিষ্ঠজনদের নিয়ে পারিবারিক আয়োজনে অংশ নেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠান থেকেই পরিবারের সদস্যরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সহকারী আরও জানান, শ্বাসকষ্ট কিছুটা কমলেও পরীমনির জ্বর ও শরীর ব্যথা রয়ে গেছে। কয়েকদিন তাকে চিকিৎসকদের পরিচর্যায় হাসপাতালে বিশ্রামে থাকতে হবে।
এদিকে, শিগগিরই ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করার কথা রয়েছে পরীমনির। নিরবের বিপরীতে অভিনীত এই ছবিটি রাজনৈতিক থ্রিলার ঘরানার বলে জানিয়েছেন পরিচালক সামছুল হুদা।
খবরওয়ালা/আশ



