খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৮ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান। পোস্টে ইউক্রেন যুদ্ধ ও দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে।
মোদি লিখেছেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ; তার ফোনকলের জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের অন্তর্দৃষ্টি আমাকে জানানোর জন্য। ভারত সবসময় ইউক্রেন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে সব প্রচেষ্টাকে সমর্থন করেছে। আমি ভবিষ্যতে আমাদের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা প্রত্যাশা করছি।’
এর আগে সোমবার সন্ধ্যায় পুতিন ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, টেলিফোনালাপে মোদি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন এবং ভারত এ ব্যাপারে সমর্থন দিতে প্রস্তুত। পাশাপাশি মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হন।
এর মাত্র ১০ দিন আগে মোদি-পুতিনের মধ্যে আরেক দফা ফোনালাপ হয়। সে সময় বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা নিয়ে আলোচনা হয়, বিশেষত ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের প্রেক্ষাপটে।
খবরওয়ালা/টিএসএন