আসিফ নজরুলকে ‘আলটিমেটাম’ দিয়ে ফিরে গেলেন জুলাই শহীদ পরিবার ও আহতরা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনের সড়ক অবরোধ করেছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বেলা সোয়া তিনটা পর্যন্ত। পরে তাঁরা ‘আলটিমেটাম’ দিয়ে সড়ক ছাড়েন।

আন্দোলনকারীরা জানান, জুলাই হত্যাকাণ্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন—আইন উপদেষ্টাকে তা আগামী রোববারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা জাতির সামনে প্রকাশ করতে হবে। এ সময় তারা অভিযোগ করেন, আজকের কর্মসূচিতে পুলিশ আন্দোলনকারীদের লাঠি মেরেছে ও গালাগাল করেছে। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃশ্যমান বিচারও দাবি করেন তারা।

শহীদ তায়িমের ভাই রবিউল আউয়াল বলেন, “আইন উপদেষ্টা আলোচনার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। রবিবার পর্যন্ত সময় দিচ্ছি। দাবি না মানলে শুধু আইন উপদেষ্টাই নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করব।” তিনি জানান, পরবর্তী কর্মসূচিতে সারা দেশ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা ঢাকায় জড়ো হবেন।

আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। শহীদ আহনাফের মা সাফাত সিদ্দিকীর অভিযোগ, “পুলিশ আমাদের গালিগালাজ করেছে, আমাকে লাথিও দিয়েছে।”

অভিযোগের বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “এমনটি হলে আমরা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেব।”

অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীদের স্লোগান ছিল—‘পদত্যাগ চাই আসিফ নজরুলের’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’। তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই হত্যাকাণ্ডের আসামিরা জামিন পাচ্ছেন, বিচার বিভাগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।