খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তবে বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই নায়িকা। তবুও তার ভক্তদের অনুরাগে কোনো কমতি নেই। কিন্তু অপু বিশ্বাসের ক্যারিয়ার নিয়ে যে পরিমাণ আলোচনা হয়, তার তুলনায় তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা আরও বেশি।
ভক্তমহলে অপু বিশ্বাসকে নিয়ে সবসময়ই কমবেশি চর্চা চলে। বিশেষ করে তিনি মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রে আছেন। সম্প্রতি, শাকিব খানের আমেরিকা সফরের সময় প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলীর সাক্ষাৎ নিয়ে যখন সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে, তখন ভক্তরা অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। তবে সে সময় নায়িকা একরকম নীরব ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন। আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। দুই নায়িকা তথা দুই সতীনের এই ভার্চুয়াল দ্বন্দ্ব বেশির ভাগ সময়ই কমবেশি চলত। কিন্তু এবার অপু বিশ্বাসের নিরবতাকে ভক্তরা ভেবে বসেছিলেন যে, নায়িকা বুকে কষ্ট চেপে হাল ছেড়ে দিয়েছেন।
কিন্তু সম্প্রতি এক পডকাস্টে অপু বিশ্বাস স্পষ্ট করেছেন, এখানে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। সে সময় তিনি অনেক ব্যস্ত ছিলেন, তাই সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারেননি। অপু জানিয়েছেন, তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল, যা তিনি দেখেছেন।
অপু বলেন, ‘আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখিনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামরি কিছু মনে হয়নি।’
এরপর তিনি আরও বলেন, ‘১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি ওইদিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’
অপু বিশ্বাসের এই মন্তব্য ভক্তদের জন্য একটি সরাসরি বার্তা যেন, যে সব বিষয়ই শেষ হয়ে গেছে এবং তিনি তার ব্যক্তিজীবনের বিষয়ে আর কোনো বিতর্কে টানাতে চান না।
খবরওয়ালা/শরিফ