সপ্তদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের জন্য কুরবান আলী নামের এক চারকিপ্রার্থী এনটিআরসিএ বরাবর আবেদন করেন। সেই প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) এনটিআরসিএর সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৫ সালের ১ নম্বর আইন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন, ২০০৫’-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রণীত ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)’-এর বিধি ৩ অনুযায়ী এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে।
গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ (প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ (সংশোধিত)-এর বিধি ১০ অনুযায়ী শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রদান করা হয়। এর বিধি ৯-এর উপবিধি (৪) (খ)-তে উল্লেখ রয়েছে, ‘প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনঃপরীক্ষণের কোনো আবেদন গ্রহণ করা হইবে না এবং এতদ্সংক্রান্ত কোনো তথ্য প্রার্থী বা তাহার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হইবে না।’
এর পরিপ্রেক্ষিতে মো. কুরবান আলীর সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ (সংশোধিত)-এর ৮(১)(গ) বিধি অনুযায়ী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের নির্দেশনা রয়েছে।
নির্দেশনা অনুযায়ী কুরবান আলীর মৌখিক পরীক্ষার বিষয় বিশেষজ্ঞ, বিভাগীয় বিশেষজ্ঞ ও সভাপতির সমন্বয়ে গঠিত তিন সদস্যবিশিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। মৌখিক পরীক্ষার ওই বোর্ড কর্তৃক প্রদত্ত নম্বরের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়স্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর জারীকৃত স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক চূড়ান্ত ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে।
কুরবান আলী মৌখিক পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি। আইন ও বিধি অনুযায়ী শুধু কৃতকার্য প্রার্থীরাই সম্মিলিত জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।
যেহেতু তিনি মৌখিক পরীক্ষায় কৃতকার্য হননি, সেহেতু তাকে সম্মিলিত জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার আইনগত কোনো সুযোগ নেই। সম্মিলিত জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্তি ব্যতীত কোনো প্রার্থীর নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে ই-অ্যাপলিকেশনে আবেদন করার আইনগত কোনো সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খবরওয়ালা/এফএস



