খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকার একটি ফার্মেসিতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, এটি দুই দিন আগে মহাখালীর টিবি গেট এলাকার চাঁদপুর ফার্মেসীতে ঘটে। তবে ভুক্তভোগী অভিযোগ না করায় এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিনের বেলায় ফার্মেসির ভেতরে তিনজন বিক্রেতা ও বাইরে কয়েকজন ক্রেতা অবস্থান করছিলেন। এমন সময় কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদের ডাকেন। তারা সাড়া না দিলে তিনি কোমর থেকে পিস্তল বের করে বিক্রেতাদের দিকে তাক করেন। বেশ কিছুক্ষণ অস্ত্র উঁচিয়ে তাদের ওপর চড়াও হয়ে কিছু বলেন। পরে তাকে ১০ হাজার টাকা দেওয়ার পর তিনি সেখান থেকে চলে যান।
খবরওয়ালা/টিএসএন