নোয়াখালীতে চোর সন্দেহে পিডিবির ঠিকাদারের দুই কর্মীকে মারধর, নিহত ১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে মারধরের সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. লোকমান (৩৫)। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামে। ঘটনার পর রাত নয়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আহত হয়েছেন পিডিবির ঠিকাদারের আরেক কর্মী মো. মোস্তাফিজ।

আহত মো. মোস্তাফিজ বলেন, তাদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় কিছু মালামাল এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। গতকাল সন্ধ্যায় তিনি ও লোকমান ওই মালামাল নিয়ে ভাঙারির দোকানে যান। এ সময় তারেক আজিজ নামের ওই ব্যক্তি এসব মালামাল চুরির বলে অভিযোগ করেন। তারা প্রকৃত ঘটনা জানানোর পরও তাদের দুইজনকে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে লোকমানকে একটি লোহার দণ্ড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

মোস্তাফিজ বলেন, ‘আমাদের মারধর করার সময় প্রায় ২০০ লোক সেখানে উপস্থিত ছিলেন। এরপরও তারেক আজিজ আমাদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে আসে। এর পরপর লোকমানের মৃত্যু হয়।’

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ‌ আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর লোকমান ঘটনাস্থলে মারা গেছেন। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত তারেক আজিজকে আটক করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।