কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

কিশোরগঞ্জের সদর উপজেলায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় দুই যুবদলের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিউর রহমানের ছেলে। তিনি রাজন গ্রুপের সমর্থক।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৌলাই এলাকার বাসিন্দা জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্সাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আজ শুক্রবার বিকেলে বৌলাই বাজারের কাছে রাজকুন্তি এলাকায় উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত হিমেল ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যান।

সংঘর্ষের পর হিমেলের সমর্থকরা বৌলাই এলাকায় বেশ কিছু বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলেও হামলাকারীরা তাদের রাস্তায় আটকে রাখে।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চলাকালে ৮ জনকে আটক করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।