হিন্দু সেজে কীর্তনে এসে স্বর্ণের চেইন ছিনতাই, অতপর…

নাটোরের বড়াইগ্রামে হিন্দু সাজে কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে নারীদের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীকে পুলিশ আটক করেছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষিকোল বাজারের শ্রী শ্রী কালী মাতার মন্দিরে মহাহরিনাম ও লীলা কীর্তন অনুষ্ঠানের সময় ঘটনাটি ঘটে।

আটক হওয়া তিনজন হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আব্দুর রহমানের মেয়ে শামসুন্নাহান বেগম (২৮), একই গ্রামের কাজল হোসেনের মেয়ে লিপি আক্তার (৩০) এবং আবু মিয়ার মেয়ে রোজিনা খাতুন (২৬)। পুলিশ তাদের শনিবারই আটক করে, আর রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের বিরামপুর থেকে চায়না রানী (৫৫) কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বড়াইগ্রাম পৌরসভার লক্ষিকোল মহল্লায় তার মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সন্ধ্যায় লক্ষিকোল বাজারের শ্রী শ্রী কালী মাতার মন্দিরে মহাহরিনাম ও লীলা কীর্তন চলাকালীন তিনজন নারী শাঁখা ও সিঁথিতে সিঁদুর পরে চায়না রাণীর পাশে বসেন।

কীর্তন চলাকালীন এক নারী কৌশলে চায়না রাণীর গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেয়। বিষয়টি বুঝতে পেরে চায়না রাণী তার মেয়ে জামাই মন্টু কুমার কুন্ডুকে জানান। মন্টু স্থানীয়দের সহায়তায় তিন নারীকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে, এক নারীর গোপন স্থান থেকে চেইনটি উদ্ধার করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘আটককৃত তিনজন সবাই মুসলিম। তারা হিন্দু সেজে পরিকল্পিতভাবে কীর্তন অনুষ্ঠানে এসে নারীদের কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারা সংঘবদ্ধ ও আন্তঃজেলা নারী প্রতারক। তাদের সঙ্গে আরও কারা জড়িত আছে, তা অনুসন্ধান করা হচ্ছে। আটক তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

খবকরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।