খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫
পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকার গত ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। ফলে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। তবে ১৯ আগস্ট হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই সরকার আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ করে দেয়, এতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।
রবিবার (২৪ আগস্ট) হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, বন্দরে কিছু ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক থাকলেও নতুন করে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ থাকলেও দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
বর্তমানে আমদানি করা ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে, যা কয়েকদিন আগেও ছিল ৪৫–৫০ টাকা। নাসিক জাতের পেঁয়াজের দাম ৫৫ থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা কেজি। আর দেশি পেঁয়াজের দাম মানভেদে ৬৫ টাকা থেকে বেড়ে এখন ৭৫–৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, ‘সরকারের অনুমতি পাওয়ার পর আমরা হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছিলাম। হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। নতুন করে আইপি না দেওয়ায় আমদানি বন্ধ। আগে অনুমতি পাওয়া দুই-এক ট্রাক পেঁয়াজ আসছে, কিন্তু তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। এ কারণে বাজারে দাম বাড়তে শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাছে অনুরোধ, দ্রুত আইপি দিয়ে পেঁয়াজ আমদানির যেন সুযোগ করে দেয়। এতে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে।’
হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী শাকিল বলেন, ‘আমদানি শুরুর সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছিল। দাম কম হলে ব্যবসা করতে আমাদেরও ভালো হয়। আমদানি বন্ধের কারণে দামও বেড়েছে অনেক। ৪৫ টাকার পেঁয়াজ কিনতে হচ্ছে ৫৫ টাকা দরে। আবার দেশি পেঁয়াজ তো এক লাফে ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে আমাদের সমস্যা হচ্ছে।’
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছু আমদানিকারকের পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। সেই পেঁয়াজ আমদানি হচ্ছে, তবে ১৯ তারিখের পর নতুন করে পেঁয়াজের আর আইপি ইস্যু হয়নি।’
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারত থেকে ৭০টি ট্রাকে মোট ২ হাজার ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
খবরওয়ালা/এসআর