খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫
গাজীপুরের শ্রীপুরে নারী পোশাকশ্রমিক তাছলিমা খাতুনের মৃত্যুজনিত বিমার টাকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় গণমাধ্যমে এর আগে প্রকাশিত খবরে বলা হয়, বিমার ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নছ মিয়া প্রধান ও তার সহযোগী আসাদ মিয়ার বিরুদ্ধে। আরও ২০ হাজার টাকার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
সে সময় ভুক্তভোগী দাবি করেছিলেন, হুমকির মুখে তিনি তিন সন্তানকে বাড়িতে রেখে অন্যত্র রাত কাটাচ্ছেন। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, ‘সব টাকা দিয়ে দিলে আমি মা-মরা তিন সন্তানকে নিয়ে কীভাবে চলব? এই টাকা দিয়ে একটি অটো কিনে সংসার চালানোর চিন্তা করছিলাম। বিএনপি নেতাদের হুমকির ভয়ে রাতে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়।’
অভিযোগকারী আজিজুল ইসলাম শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার বাসিন্দা। তার স্ত্রী তাছলিমা শ্রীপুরের লান্তাবুর অ্যাপারেলস লিমিটেডে প্রিন্টিং সহকারী হিসেবে কাজ করতেন। চলতি বছরের ৫ এপ্রিল স্ট্রোকে মারা গেলে শ্রমিক কল্যাণ ট্রাস্ট থেকে এক লাখ ৯৭ হাজার টাকা তাদের তিন সন্তানের ব্যাংক হিসাবে জমা হয়। অভিযোগে বলা হয়েছিল, এ টাকা তুলতে সহযোগিতা করার কথা বলে নছ মিয়া ও আসাদ এক লাখ টাকা দাবি করেন। ইতোমধ্যে আসাদকে ৬০ হাজার টাকা দেওয়া হলেও পরে আরও টাকা দাবি করে ভয়ভীতি দেখানো হয়।
তবে এ ঘটনার ভিন্ন চিত্র উঠে এসেছে স্থানীয় অনুসন্ধানে। এলাকাবাসীর দাবি, নছ মিয়া প্রধান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তারা জানান, আসলে আজিজুল ও স্থানীয় যুবক আরজুর মধ্যে আর্থিক বিরোধের সমাধানে সালিশ করেছিলেন নছ মিয়া প্রধান। সেখানে উভয়পক্ষের সম্মতিতে আজিজুল ২০ হাজার টাকা দিয়ে বিরোধ নিষ্পত্তি করেন।
আজিজুল নিজেও পরে স্বীকার করেছেন, ‘নছ মিয়া ভাই আমাদের ন্যায় বিচার করেছেন। আমার কোন আপত্তি ছিল না। কিন্তু মুজিবুরসহ কয়েকজন আমাকে বিভ্রান্ত করে সাংবাদিকদের সামনে মিথ্যা বলতে বাধ্য করেছে। ভয়ভীতি দেখিয়ে ভুল তথ্য বলিয়েছে। আমি আমার ভুলের জন্য দুঃখিত এবং নছ মিয়া ভাইয়ের কাছে ক্ষমা চাই।’
স্থানীয়দের অভিযোগ, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনীতির প্রতিহিংসা থেকে নছ মিয়া প্রধানকে ঘিরে এই অপপ্রচার চালানো হয়েছে। তারা জানান, ‘নছ মিয়া প্রধান সব সময় অসহায় ও গরিব মানুষের পাশে থাকেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি দুষ্টু চক্র তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’
দীর্ঘদিন ধরে নছ মিয়া প্রধান শ্রীপুর পৌর এলাকায় বিএনপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত। সামাজিক সমস্যা সমাধান ও অসহায় মানুষের পাশে থাকার জন্য তিনি এলাকাবাসীর কাছে প্রশংসিত। তবে প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠী তার জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে ষড়যন্ত্র চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাদের ভাষ্য, সত্য উদঘাটন হলে প্রমাণ হবে যে নছ মিয়া প্রধান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার আরও বাড়বে।
খবরওয়ালা/শরিফ