খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ই আগস্ট ২০২৫, ৩:২ এএম
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই নানা ইস্যুতে সরব থাকেন।
এবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকার পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন তারা। দুই দেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে এবং উন্নত সম্পর্কের জন্য ১৯৭১ সালের ইস্যুগুলো দ্রুত সমাধান করা উচিত। এ সময় তিনি ‘৭১ ডিল’ শব্দটি ব্যবহার করেন।
এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন শাওন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন,“এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কবে? পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিটিং করছেন!
উনার ভাষ্যমতে গত ১৫/২০ বছরে অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো জিনিস আমাদের শেখাতে পারেনি। যাক, ভালোই হলো—‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নেবে!
৪৪ সেকেন্ড পার করে দেখলাম, ‘৭১ ডিল’-এর একটা ইস্যুও নাকি আছে যেটা দ্রুত সলভ করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল?”
শাওনের পোস্ট ঘিরে অনেক অনুরাগীও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন,“কেন পাকিস্তান? পাকিস্তানের সঙ্গে কোনো ডিল চাই না।” কেউ মন্তব্য করেছেন,“ওদের কাছ থেকে কী শেখার আছে? কিছুই বুঝলাম না।” আবার অনেকেই শাওনের সঙ্গে একমত জানিয়ে মুক্তিযুদ্ধকে ‘ডিল’ আখ্যা দেওয়াকে জাতীয় আত্মমর্যাদার জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন।
খবরওয়ালা/আশ
মন্তব্য