খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুর্গম চরাঞ্চলে সদ্য চালু হওয়া একটি পুলিশ ক্যাম্পকে লক্ষ্য করে নৌ-ডাকাত দলের সদস্যরা গুলি ও ককটেল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ।
প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে উভয় পক্ষের মধ্যে।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সোয়া পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, বিকেল ৫টার পর ৫–৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে মহড়া শুরু করে নৌ-ডাকাত নয়ন–পিয়াস গ্রুপের সদস্যরা। ক্যাম্পের কাছাকাছি এসে প্রথমে ৪–৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এরপর ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এ সময় ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে ২৪ রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ডাকাতরা ট্রলার নিয়ে মতলবের দিকে পালিয়ে যায়।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “স্থানীয় ডাকাত পিয়াসের নেতৃত্বে ৫–৬টি ট্রলার নিয়ে কমপক্ষে ৩০–৩৫ জন নৌ-ডাকাত পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি চালাই। আমাদের কোনো সদস্য আহত হয়নি। তবে ডাকাত দলের কারও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।”
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “নৌ-ডাকাতরা সম্ভবত চাঁদা তোলার উদ্দেশ্যে নদীতে নেমেছিল। পুলিশ থাকার কারণে তারা তা করতে পারেনি। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে পুলিশের কেউ আহত হয়নি।”
খবরওয়ালা/আশ