খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার এবং গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের প্রবীণ নেতা এডভোকেট ফজলুর রহমান-এর বাসার সামনে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
গতকাল সোমবার (২৫ আগস্ট ২০২৫) সংগঠনের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এডভোকেট ফজলুর রহমানের মত প্রথিতযশা রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে মব সৃষ্টি করা আবারও প্রমাণ করলো যে, সরকারের আশ্রয়ে লালিত হচ্ছে এই মবকারীরা। জাসদ বিবৃতিতে উল্লেখ করেছে, সরকার নিজেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কণ্ঠস্বর ও রাজনৈতিক ভিন্নমত দমন করছে।
বিবৃতিতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সকল ধরণের মব ও ভিন্নমত দমনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে।
খবরওয়ালা/এমএজেড