খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হবে।
বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির সিদ্ধান্ত নেন। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
আরও পড়ুন:
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা। কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
শেকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী ও কৃষিবিদ ঐক্য পরিষদের সদস্য ইমরান হোসেন ইমন বলেন, ১০ম গ্রেডে চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারীরা একচেটিয়া রাজত্ব কায়েম করে আসছে। এটি কৃষি সেক্টরের জন্য হুমকি। আমাদের তিন দফা দাবি মানা না হলে আমরা রাজপথ ছাড়বো না।
এর আগে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
খবরওয়ালা/এমএজেড