গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার ডাক্তার বাড়ি এলাকায় চার দিন ধরে বন্ধ একটি ঘরে পড়ে থাকা এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার যোগাইপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
মৃত মোস্তাফিজ পল্লী বিদ্যুৎ বাজার ডাক্তার বাড়ি এলাকার জুয়েল মিয়ার ‘দুই ভাই ভিলা’র একটি কক্ষে ভাড়া থাকতেন এবং স্থানীয় ইকো টেক্সটাইলে চাকরি করতেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, মোস্তাফিজের কক্ষটি চার দিন ধরে বন্ধ থাকলেও কেউ কোনো খবর রাখেনি। গতকাল সকালে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কলোনির অন্য বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ দুপুরে এসে কক্ষের দরজা ভেঙে মোস্তাফিজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে এবং পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মোস্তাফিজের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগেই তার মৃত্যু হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, একটি বন্ধ ঘর থেকে মোস্তাফিজুর রহমান নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
খবরওয়ালা/টিএসএন



