চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা আদায় করেছেন। বুধবার (২৭ আগস্ট) মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সড়কে তারা এই জানাজা আদায় করেন।

জানাজা শেষে বিশেষ মোনাজাতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেন এবং এরপরই সড়ক থেকে সরে যান।

এর আগে বিকেলে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে জিইসি মোড় থেকে মিছিল নিয়ে ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগই ছিলেন চুয়েটের শিক্ষার্থী, যারা রাউজানের ক্যাম্পাস থেকে বাসে করে শহরে এসেছিলেন। এ সময় তারা তাদের দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দেন।

ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা এই গায়েবানা জানাজা আদায় করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সরকারের উদাসীনতা এবং বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বাংলা ট্রিবিউনকে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা মাগরিবের নামাজের পর সড়ক থেকে সরে গেছেন। তিনি জানান, পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।