খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
নরসিংদীতে টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় রাহা মনি নামে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পৌর শহরের লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ স্বজনরা দুই চিকিৎসককে মারধর করে আটকে রাখলে পুলিশ তাদের আটক করে।
নিহত রাহা মনি রায়পুরা উপজেলার হাঁটুভাঙা এলাকার নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান। তিনি এক মাস ধরে গলায় টনসিলের সমস্যায় ভুগছিলেন। স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. তন্ময় করের চিকিৎসায় সাড়া না পেলে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। রাতে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত সাহার অ্যানেস্থেশিয়ায় ও ডা. তন্ময় করের অস্ত্রোপচারে অংশ নেন। তবে অপারেশনের কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।
শিশুর বাবা নিজামুল হক অভিযোগ করে বলেন, “অস্ত্রোপচারের পর আমাদের বলা হয় ১৫ মিনিটের মধ্যে মেয়ের জ্ঞান ফিরবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও জ্ঞান ফেরেনি। পরে আমরা বুঝতে পারি, আমাদের সন্তান আর নেই। ডাক্তাররা ছলচাতুরি করে বলছিল আইসিইউতে নিতে হবে।”
অন্যদিকে হাসপাতালের পরিচালক ফজলুল কাদের দাবি করেন, অস্ত্রোপচারের পর শিশুর অবস্থা খারাপ হয়ে যায় এবং ঢাকায় রেফার করার আগেই মৃত্যু ঘটে। চিকিৎসক সুদীপ্ত সাহা বলেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং শিশুর প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কোনো গাফিলতি ছিল না।
ঘটনার পর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চিকিৎসকদের থানায় নিয়ে যায়।
নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক জানান, শিশুর লাশ মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/আশ