বিশ্বকাপে দুইবার অংশগ্রহণ করা ক্রিকেটার ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার

পাপুয়া নিউগিনির জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান কিপলিন দোরিগা ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নিয়েছিলেন।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে সম্প্রতি জার্সিতে যান দোরিগা। সেখানে সোমবার সকালে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ারে এক ডাকাতির ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে বুধবার স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন। ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কার্ক ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে মামলাটি রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দেন। তার জামিন আবেদন নাকচ হওয়ায় পরবর্তী শুনানি ২৮ নভেম্বর পর্যন্ত তাকে জার্সিতেই হেফাজতে রাখা হবে।

চ্যালেঞ্জ লিগে অংশ নিতে পাপুয়া নিউগিনি দল এক সপ্তাহ আগে জার্সিতে পৌঁছায়। দোরিগা প্রথম দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন— ডেনমার্কের বিপক্ষে ৬৮ এবং কুয়েতের বিপক্ষে ১২ রান করেন। এরপর আর কোনো ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। আগামীকাল কাতারের বিপক্ষে দলের শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক ক্যারিয়ারে দোরিগা এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তার মোট রান ১০৮৯। উইকেটকিপার হিসেবে তিনি ৪৯টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং করেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।