খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষক দলের নেতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা (৪২), পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব ও সুজানগর পৌর এলাকার ভবানীপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আবদুল মজিদ মণ্ডল (৪৮) এবং পাবনা পৌর এলাকার রাধানগরের মৃত আবদুল জলিলের ছেলে যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি (৪৫)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক ব্যক্তিরা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা-নেওয়া করতেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালায় র্যাব। তল্লাশির একপর্যায়ে তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের নামে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানতে চাইলে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী ও দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে তাহলে বিষয়টি দৃষ্টিগোচর হলে সংগঠন এটা নিয়ে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা মিটিংয়ে বসব। যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাঁকে বহিষ্কার করব। দল এ ব্যাপারে কোনো সমঝোতা করবে না।’