খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় আদালত অভিনেতা সিদ্দিকুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. জিয়াদুর রহমান বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে রিমান্ড অনুমোদন দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলেন।
এর আগে, গত ২৯ এপ্রিল বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু লোক সিদ্দিককে আটক করেন। মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু নজরভ্যালির সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।
খবরওয়ালা/শরিফ