খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
নেত্রকোনার খালিয়াজুরীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম বাবুল শেখ (৬০)। তিনি উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের ওয়াহেদ শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে নূরপুর বোয়ালী গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবুল শেখ তাঁর ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করেন।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বুধবার বিকেলে থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে বাবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এসআর