খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 21শে ভাদ্র ১৪৩২ | ৫ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন।
মিঠুন অভিযোগ করেছেন, কুণাল তার এবং তার পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন। তার দাবি, টেলিভিশনে কুণাল বলেছেন, “মিঠুন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। নিজেকে বাঁচাতেই তিনি দল পরিবর্তন করেছেন।”
এছাড়া কুণাল মিঠুনের স্ত্রীকে আর্থিক তছরুপের সঙ্গে জড়িত এবং তার ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা রয়েছে বলেও উল্লেখ করেছেন। মিঠুন এই অভিযোগগুলিকে মিথ্যা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের মুখপাত্র এই কাজ করেছেন।”
প্রথমে কুণালকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন। তার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এবার সরাসরি ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। কুণাল সংবাদমাধ্যমকে বলেছেন, “যার মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? কোর্টে দেখা হবে।”
মিঠুন আদালতে জানিয়েছেন, তিনি রাজ্যসভার সাবেক সদস্য এবং একজন অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে ও পদ্মভূষণ সম্মান পেয়েছেন। কুণালের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের কারণে তার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং তাকে বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।
মিঠুনের দাবি, কুণালের এই মন্তব্যের কারণে তার কাজেও প্রভাব পড়ছে। বিজ্ঞাপন এবং সিনেমা জগতে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তাই প্রথমে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সন্তুষ্ট না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ক্ষতিপূরণ হিসেবে কুণালকে ১০০ কোটি রুপি দিতে হবে এবং আদালত তাকে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিক।
কলকাতা হাইকোর্টে ৫০ হাজার রুপি কোর্ট ফি দিয়ে মিঠুন এই মামলা করেছেন। হাইকোর্টের আইনজীবীরা জানান, এটি সর্বোচ্চ কোর্ট ফি। মামলাটি আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
অন্যদিকে, কুণাল ঘোষও চিটফান্ড সংক্রান্ত বিষয় নিয়ে মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন এবং বলেন, বাকি কথাবার্তা কোর্টেই হবে।
তথ্যসূত্র: ডয়চে ভেলে
খবরওয়ালা/শরিফ