ইঁদুরের কামড়ে হাসপাতালেই দুই নবজাতকের মৃত্যু!

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার পর, নবজাতকদের নিরাপত্তার দায়িত্বে থাকা হাসপাতালের কর্মীদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার ওই হাসপাতালে দুই কন্যা শিশুর মৃত্যু ঘটে। শিশু দুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া গেছে। দুই শিশুর একজনের ওজন ছিল মাত্র ১ কেজি, অন্যটির ১.৬ কেজি। চিকিৎসকরা জানান, মৃত্যুর কারণ গুরুতর সংক্রমণ এবং জন্মগত জটিলতা হলেও নবজাতক বিভাগের মধ্যে ইঁদুরের উপস্থিতি হাসপাতালের অবহেলা ও অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে।

এমওয়াই মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থায় অবহেলার কথা স্বীকার করে বলেছেন, ‘শিশু বিভাগে দুই শিশুকে ইঁদুর কামড় দিয়েছে। একজনের অবস্থা ইতিমধ্যে গুরুতর ছিল, কিন্তু ইঁদুরের কামড় হাসপাতালের নিরাপত্তার অভাব।’ তিনি জানান, একটি উচ্চ পর্যায়ের কমিটি এই ঘটনা তদন্ত করছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত উপেক্ষা করে আসছে। তবে হাসপাতাল প্রশাসন বলছে, মৃত্যুর জন্য দায়ী শিশুদের জন্মগত রোগ ও সংক্রমণ। ইঁদুরের কামড় ছিল ক্ষুদ্র আঘাত মাত্র। জনসাধারণের কাছে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি।

চিকিৎসকরা জানান, দুই শিশুর জন্ম থেকেই শারীরিক অসুস্থতা ছিল, যার কারণে মৃত্যু হয়েছে। হিমোগ্লোবিন কম এবং অঙ্গ-প্রত্যঙ্গ অপরিপক্ব ছিল। শিশুটি অক্সিজেন এবং ভেন্টিলেটর সহায়তায় ছিল। মেডিকেল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইঁদুর কামড় তার স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, ঘটনার চার-পাঁচ দিন আগে থেকেই ওয়ার্ডে ইঁদুর দেখা গিয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।