পূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ আসবে—এ আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গের মানুষ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই ঢাকের আওয়াজে মুখর হবে পশ্চিমবঙ্গ। তবে পূজার মৌসুমে ইলিশ ছাড়া বাঙালির আয়োজন যেন অপূর্ণই থেকে যায়। বিশেষ করে বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ-গন্ধের জন্য ভোজনরসিক বাঙালিরা অপেক্ষা করে থাকেন সারা বছর।

তাদের জন্য সুখবর, এ বছরও পূজার আগেই রাজ্যে ঢুকতে পারে বাংলাদেশের ইলিশ। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, দুর্গাপূজার আগেই বাংলাদেশ থেকে উপহার হিসেবে ভারতে আসছে তিন হাজার মেট্রিক টন পদ্মার রুপালি ইলিশ।

সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই এসব ইলিশ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ঢুকতে পারে।

তবে বাংলাদেশের ইলিশের জোগান কম থাকায় এরই মধ্যে পশ্চিমবঙ্গের বাজারগুলো ভরে গেছে গুজরাটের ইলিশে। যদিও স্বাদ ও গুণমানে পদ্মার ইলিশের সঙ্গে গুজরাটের ইলিশের তুলনা হয় না, তবে দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী। বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের গুজরাটের ইলিশ থেকে শুরু করে ১ কেজি ২০০ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে। এক কেজি ডিমওয়ালা ইলিশ পাইকারি দরে মিলছে ৬০০ থেকে ৮০০ রুপিতে, আর ডিমছাড়া ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার রুপি। অন্যদিকে, বাংলাদেশের এক কেজির বেশি ওজনের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ রুপিতে।

তবে পদ্মার ইলিশ আসা নিয়ে এখনও কিছুটা সংশয় প্রকাশ করেছেন হাওড়ার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি জানান, চলতি বছর বাংলাদেশে ইলিশের সরবরাহ কম থাকায় পূজার সময় ইলিশ আসবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত আগস্টে তিনি এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠিও পাঠিয়েছিলেন।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪.কম

 

খবরওয়ালা/শরিফ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।