ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাবেক সদর দপ্তরে (বর্তমানে ওয়েস্ট লন্ডনের টেলিভিশন সেন্টার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শনিবার ভোররাতে বহুতল ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লন্ডন ফায়ার ব্রিগেডের ১৫টি ইঞ্জিন। প্রায় ১০০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
জানা গেছে, ৯ তলা এই ভবনে বর্তমানে রেস্তোরাঁ, ফ্ল্যাট ও কয়েকটি টেলিভিশন স্টুডিও রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বহু মানুষ আটকে পড়েন। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। আগুনের কারণও পরিষ্কার নয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ইজাবেলা ব্রুকার তাঁর ৮ মাসের শিশুসন্তানকে নিয়ে সপ্তম তলার একটি ফ্ল্যাটে থাকেন। তিনি জানান, ভোর ৪টা ৩০ মিনিটে দমকলকর্মীরা তাঁদের দরজায় কড়া নাড়েন। ইজাবেলা বলেন, ‘করিডোর দিয়ে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমি সবকিছু ফেলে আমার এবং আমার ছেলের প্রাণ বাঁচাতে দ্রুত বেরিয়ে আসি।’
লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, ভোর ৩টার কিছু পরে তাদের কাছে আগুন লাগার খবর আসে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক থেকে দমকলের ইঞ্জিন পাঠানো হয়। বহুতলের ওপর থেকে আগুন নেভাতে দুটি বড় টার্নটেবল ল্যাডার ব্যবহার করা হচ্ছে।
সকাল ৮টার দিকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রেস্তোরাঁ, বহিরাঙ্গন ও ডাক্টে তখনও আগুন জ্বলছিল। এ ঘটনায় উড লেন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে একজনকে চিকিৎসা দেওয়া হলেও তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি।
খবরওয়ালা/শরিফ



