দুদক পরিচালক মীজানুল বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মামলার আসামি ও অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে চিকিৎসার খরচ গ্রহণ করায় এ সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে রোববার তাঁকে বদলি করে কমিশনের এনআইএস এবং উন্নয়ন সহযোগী ও সমন্বয় (দেশীয়) বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, মীজানুল ইসলাম কমিশনের অনুসন্ধানসংশ্লিষ্ট ব্যক্তি এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে চিকিৎসার খরচ বাবদ অনৈতিক সুবিধা নেন।

গোপন অনুসন্ধানে দুদক জানতে পারে, গত ১৭ আগস্ট মীজানুল ইসলাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে ২০ আগস্ট ছাড়পত্র নেন। চিকিৎসার জন্য হাসপাতালের বকেয়া ২ লাখ ৪ হাজার ১৩২ টাকা তিনি নিজে পরিশোধ না করে অনুসন্ধানসংশ্লিষ্ট মাহাবুবুল আনামের দেওয়া গ্যারান্টির ভিত্তিতে ছাড়পত্র নেন।

বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে গত ৪ সেপ্টেম্বর দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির সভায় উপস্থাপন করা হয়। সভায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আদেশের মেয়াদে তিনি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। এর দুটি মামলার আসামির তালিকায় আছেন এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনাম।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।