খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
কাঠমান্ডুর রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণ ও সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার নেপালের তরুণেরা রাজপথে নেমে আসে। কাঠমান্ডুর নয়া বানেশ্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন ১৯ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের একাধিক স্থানে জারি করা হয়েছে কারফিউ।
বাংলাদেশ দল নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বাফুফে। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কাল দেশে ফেরার চেষ্টা করছি আমরা।’
আজ দুপুর ৩টায় দশরথ স্টেডিয়ামে অনুশীলনের কথা থাকলেও হোটেল থেকে বের হতে পারেননি জামাল ভূঁইয়ারা। শেষ পর্যন্ত হোটেলেই হয় ইনডোর সেশন। এরপর ম্যাচও বাতিল ঘোষণা করা হয়।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে জানায়, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৯ সেপ্টেম্বর হতে যাওয়া বাংলাদেশ-নেপাল ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের কারণে সকল ফুটবলপ্রেমীদের যে অসুবিধা হবে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
এর আগে ৬ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আজ টিম হোটেলে দুই দল সংবাদ সম্মেলনও করেছে। তবে কেউ ভাবেনি, দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়াবে না।
খবরওয়ালা/শরিফ