খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে সাম্প্রতিক অস্থিরতার কারণে বর্তমানে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। তাদের নিজ নিজ হোটেল বা অবস্থানস্থলে থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে আরও বলা হয়, যারা নেপালে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদেরও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সে দেশের উদ্দেশে কোনো ফ্লাইট গ্রহণ না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যমান নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় এই নির্দেশনা জারি করা হয়েছে।
জরুরি প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, নেপালে বর্তমানে বাংলাদেশের ৩৬ সদস্যের জাতীয় ফুটবল দল এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল অবস্থান করছেন। শিক্ষা সফরের অংশ হিসেবে তারা কাঠমান্ডুতে গিয়েছিলেন। তবে সেখানে তাদের নির্ধারিত সব কার্যক্রম বাতিল করা হয়েছে। দলের সদস্যরা ১২ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।
প্রসঙ্গত, সম্প্রতি নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ১৯ জন নিহত হন। পরে প্রতিবাদ আন্দোলন আরও তীব্র আকার ধারণ করলে দেশজুড়ে অচলাবস্থা তৈরি হয়। চলমান সংকটের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
খবরওয়ালা/এন