খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
নানা বিতর্কের মধ্য দিয়ে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ, আর এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন খান।
ভিপি পদে মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন ১৪০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।
জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোঃ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে। রাতেই বিভিন্ন হল থেকে ফলাফল আসতে শুরু করে। তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এর মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।”
খবরওয়ালা/এমএজেড