ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিরপেক্ষ হয়েছে কিনা-এ বিষয়ে প্রশ্ন তুলে স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন বলেছেন, আমি নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেল কই?
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন আরও বলেন, গতকাল শহিদুল্লাহ হল এর ভোট প্রদান করি কার্জন হলে। যেখানে তিনটি প্রধান পদে নিম্ন রুপে ভোট প্রদান করেন ভিপি পদ প্রার্থী আবিদ, জিএস পদ প্রার্থী সম্রাট, এজিএস পদ প্রার্থী আশিকুর রহমান জীম। যার মধ্যে জিএস সম্রাটের ভোট ০ দেখানো হয়। আমার প্রশ্ন আমি নিজ হাতে ভোট দিলাম আমার ভোট গেল কই?
ব্যালট পেপার যদি বাতিল হয় সেটা উপস্থাপন করতে হবে, কারণ বাতিল হওয়ার কথা নয় বলেও জানান তিনি।
রাকিব হোসেন গাজী স্বাস্থ্য ও পরিবেশ পদপ্রার্থী ছিলেন।
তিনি বলেন, কেন্দ্রের ১ মিটারের ভেতরেও অনেকে ভোটার স্লিপ প্রদান করেছেন, যা আচরণ বিধির লঙ্ঘন ছিল। কিন্তু কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি এগুলো কী পক্ষপাত দুষ্ট আচরণ নয়। যে নির্বাচন কমিশনের সবার সাথে একই আচরণ করার কথা থাকলেও, একক গোষ্ঠীর পক্ষে ভালো আচরণ আবার কারও সাথে খারাপ আচরণ করেছে যা গ্রহণযোগ্য নয়।
খবরওয়ালা/এমইউ



