খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির দুই সাবেক সেনা কর্মকর্তা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
এর আগে এনসিপির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।
সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছেন। একাধিকবার বিষয়টি জানালেও কোনো সমাধান মেলেনি। তিনি বলেন, এনসিপির মধ্যে একটি নিজস্ব বলয় গড়ে উঠেছে, যেখানে ভিন্নমতের কোনো স্থান নেই। বরং সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলে যদি পরমতসহিষ্ণুতা না থাকে, তবে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। নিজেদের মতো করে কাজ চালাতে চায়, অন্যদের কোনো ভূমিকা রাখতে দিতে চায় না। এ অবস্থায় আমাদের আর কাজ করার সুযোগ নেই। তাই আমরা সরে দাঁড়াচ্ছি।’
আবদুল্লাহ আল মাহমুদ জানান, তারা রাজনৈতিক উচ্চাভিলাষ নিয়ে এনসিপিতে যোগ দেননি; বরং দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এসেছিলেন। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান তাদের হতাশ করেছে।
তিনি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য সহ্য করা এবং নেতৃত্বের সংকীর্ণ মানসিকতা মেনে নেওয়া আর সম্ভব নয়। তাই আজ থেকে এনসিপির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা থাকছে না।’
খবরওয়ালা/এন