পাবনায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পাবনা সদর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার এসআই মো. রায়হান।

নিহত ব্যক্তি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার জামিল (২২)। আহতরা হলেন সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার সাকিব (২০), রুমন (১৯) ও ফরিদপুর উপজেলার জুবায়ের (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দুটি মোটরসাইকেল দুদিক থেকে সুজানগর ও পাবনা যাচ্ছিল। রাত ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক জামিল ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সাকিব ও জুবায়েরের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত রুমন বর্তমানে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে পাবনা সদর থানার এসআই মো. রায়হান বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান। অন্য তিনজনের অবস্থাও গুরুতর। দুটি মোটরসাইকেলই উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহও থানায় নেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।