এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লেন মাত্র ১৫ বছর বয়সী কুপার

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে এমি অ্যাওয়ার্ডস এর ৭৭ তম আসর বসে। বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। 

এবারের আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। পরিচালনা রচনা ও অভিনয়ের জন্যও মোট ৬টি পুরস্কার পেয়েছে ‘অ্যাডোলেসেন্স’।

এ বছরের সবচেয়ে আলোচিত চরিত্রগুলো মধ্যে উঠে এসেছেন ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপারের নাম। মাত্র ১৫ বছর বয়সে সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্সের আলোচিত ব্রিটিশ সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ এবারের এমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে দখল রেখেছে। ১৩টি মনোনয়নের মধ্যে সিরিজটি জিতেছে মোট ৬টি পুরস্কার। সিরিজটি জিতেছে সেরা সিরিজ, সেরা অভিনেতা (স্টিফেন গ্রাহাম), সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েন কুপার), সেরা পার্শ্ব অভিনেত্রী (এরিন ডোহার্টি), সেরা পরিচালক (ফিলিপ বারান্টিনি) ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার।

সিরিজটির কাহিনি ঘুরে দাঁড়ায় ১৩ বছর বয়সী স্কুলছাত্র জেমি মিলারকে ঘিরে, যে সহপাঠীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়। কিশোর বয়সের সংকট, পারিবারিক টানাপড়েন এবং অপরাধবোধের জটিল প্রশ্নগুলোকে একটানা শটের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকীয় ভঙ্গিতে। সমালোচকদের মতে, একটানা শটে নির্মিত প্রতিটি এপিসোড, অভিনয়শৈলীর গভীরতা ও সামাজিক বাস্তবতার অনন্য উপস্থাপনার কারণে সিরিজটি এবারের এমিতে বিশেষভাবে আলাদা হয়ে উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল স্কট জ্যাকোবি-এর দখলে, যিনি ১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘দ্যাট সার্টেন সামার’-এর জন্য এমি জিতেছিলেন। ১৫ বছর বয়সে সেই রেকর্ড নিজের করে নিলেন ওয়েন কুপার।

পুরস্কার গ্রহণ করতে গিয়ে কুপার বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য, স্বপ্নের মতো লাগছে। যদি মন দিয়ে শোনো, মনোযোগ দাও এবং স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসো, তাহলে জীবনে সবকিছু সম্ভব। আমি তো তিন বছর আগেও কিছুই ছিলাম না, অথচ আজ এখানে দাঁড়িয়ে আছি।’

পরিবার, সহ-অভিনেতা এবং প্রযোজনা টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কারে আমার নাম লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটি ক্যামেরার পেছনে থাকা সবার।’
 

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।