টিকে থাকতে বড় ব্যবধানে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের

এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল চমৎকারভাবে। হংকংকে পরাজিত করে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় লিটন দাসের দল। শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে টাইগাররা এখন গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছে। 

আজ আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই বাঁচা-মরার লড়াইয়ে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।

হংকংয়ের বিপক্ষে জয়ী একাদশে শ্রীলঙ্কার বিপক্ষে একটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং তার জায়গায় শরিফুল ইসলামকে খেলানো হয়। তবে আজকের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাসকিন ফিরছেন। ফলে শরিফুল ইসলাম একাদশ থেকে বাদ পড়তে পারেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে দেখা যাবে।

ব্যাটিং অর্ডারে প্রথম তিনটি অবস্থানে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে চতুর্থ স্থানটি নিয়ে আলোচনা চলছে। তাওহিদ হৃদয় টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরি নেই। বিকল্প হিসেবে সাইফ হাসানকে ভাবা হলেও, এই গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্ট হৃদয়ের ওপরই আস্থা রাখতে পারে। শেষের দিকে শামীম হোসেন ও জাকের আলী ভালো ফর্মে থাকায় তাদের জায়গা প্রায় নিশ্চিত। স্পিন অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান থাকবেন এবং বোলিং বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে।

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। শুধু জিতলেই হবে না, টুর্নামেন্টে টিকে থাকার জন্য টাইগারদের সমীকরণ মিলিয়ে বড় ব্যবধানে জয় লাভ করতে হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, গজনফর, ফজলহক ফারুকি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।