সারাবিশ্বে এক দেশের মোড়লগিরির দিন শেষ: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও রাশিয়ার মতো স্বাধীন রাষ্ট্রগুলোর সফল সহযোগিতা বিশ্বে এক ধ্রুবশক্তির যুগের অবসান ঘটিয়েছে। তিনি বলেন, একপাক্ষিক শক্তির ওপর নির্ভর না করেও দেশগুলো উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেহরানে রুশ জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান জানান, ইরান ও রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাতে সহযোগিতা জোরদারে উভয় দেশ দৃঢ় সংকল্পবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। এ সময় বিশেষজ্ঞদের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মন্ত্রী ও কারিগরি টিমকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কূটনৈতিক আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

জবাবে মন্ত্রী সের্গেই সিভিলেভ পুতিনের শুভেচ্ছা পৌঁছে দেন এবং ইরান সফরকালে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের দৃঢ় সংকল্পের কারণে ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের কাঠামোর মধ্যে গঠনমূলক সহযোগিতা তৈরি হয়েছে।

সিভিলেভ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বে পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাতে পারস্পরিক চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি আরও জানান, রাশিয়া দ্রুত এসব চুক্তি বাস্তবায়নে প্রস্তুত এবং কোনো চাপ, প্রতিবন্ধকতা বা নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা থামাতে পারবে না।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।