৯৮তম অস্কার অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের জন্য পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এই মাসের শুরুর দিকে ছবি জমা দেওয়ার আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ তারিখ।
জমাকৃত পাঁচটি চলচ্চিত্র হলো: ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ এবং ‘ময়না’। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ আজ মুক্তি পাচ্ছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি ছবিগুলো এরই মধ্যে মুক্তি পেয়েছে।
অস্কার কমিটির সভাপতি এবং বিএফএফএস-এর সভাপতি জহিরুল ইসলাম জানিয়েছেন, একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু করবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। যেসব সিনেমা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে, সেগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করে পাঠানো হবে।’
অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম জানান, প্রায়শই কারিগরি জটিলতা থাকে, তাই তারা সময় হাতে রেখে অস্কারে সিনেমা জমা দিতে চান। আগামী ১৬ ডিসেম্বর শর্টলিস্টের তালিকা জানা যাবে। এরপর অস্কারে মনোনীত ৫টি সিনেমার নাম ঘোষণা করা হবে। এদের মধ্যে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জয় করবে।
৯৮তম অস্কারের আসর বসবে আগামী ১৫ মার্চ।
খবরওয়ালা/টিএসএন



