খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় এক পান দোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত ব্যক্তির নাম ইমদাদ হোসেন (৪৭)। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে। আটক ব্যক্তির নাম কামাল হোসেন, তিনি একই এলাকার বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ, এলাকার এক বিয়ের অনুষ্ঠানে কথা–কাটাকাটির জেরে পূর্বপরিকল্পিতভাবে ইমদাদকে হত্যা করেছে স্থানীয় কিছু ব্যক্তি।
ইমদাদের ছোট ভাই শামসু আলম ও মোক্তার আহমদের দাবি, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০ জন ব্যক্তি ইমদাদের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে আহত করার পর তাঁর গলায় ধারালো অস্ত্র চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, শুক্রবার ভোরে ইমদাদকে হাসপাতালে আনা হলেও তার আগেই তিনি মারা যান।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, স্থানীয় লোকজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এন