খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
সপ্তাহের ব্যবধানেও রাজধানীর বাজারে কাঁচা সবজি ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো প্রায় সব ধরনের সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কিছুটা বেড়েছে চালের দাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম নিয়ে ক্রেতা–বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
মান ভেদে প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭৪ থেকে ৮২ টাকা। নাজিরশাইল চালের দাম বেড়ে হয়েছে ৮৪ থেকে ৯৪ টাকা, যেখানে গত সপ্তাহে এটি ছিল ৮০ থেকে ৯২ টাকা।
মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম রাখা হয়েছে ১৮০ টাকা। সোনালী মুরগির দাম প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে দাম প্রবলভাবে বাড়ছে। মধ্যম আকারের ইলিশের প্রতি কেজি মূল্য ২২০০ থেকে ২৫০০ টাকা। ইলিশের দাম বৃদ্ধির প্রভাব অন্যান্য মাছের দামের ওপরও পড়েছে। মসলা বাজার, গরু ও খাসির মাংসের দাম একই রয়েছে।
সবজির মধ্যে পটল, ঢেঁড়শ, বরবটি, কাকরোলসহ বেশিরভাগ প্রকারের দাম প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। শসার দাম গত সপ্তাহে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। এ ছাড়া বেগুনের দাম ১২০ টাকা, আর সিমের দাম প্রতি কেজি ১৪০ থেকে ২০০ টাকার মধ্যে রয়েছে।
বিক্রেতারা জানান, বৃষ্টি এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বাজারে দাম বাড়ছে। শীতের নতুন সবজি না আসা পর্যন্ত এই দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
খবরওয়ালা/শরিফ