খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া নতুন করে ঘর বাঁধলেন। শুক্রবার বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফারিয়া।
ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
বিয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শবনম ফারিয়া বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’
ফারিয়া জানান, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। জানা গেছে, মসজিদে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ফারিয়ার পরিবারের পক্ষে থেকে উপস্থিত সবাইকে বাদাম ও খেজুর খাওয়ান।
হঠাৎ সিদ্ধান্তে হওয়ায় তাঁর একমাত্র ননদ অনুষ্ঠানে থাকতে পারেননি, কারণ তিনি বর্তমানে দেশের বাইরে। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সবার প্রতি দোয়া কামনা করে ফারিয়া বলেন, ‘আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা চাই।’
প্রসঙ্গত, এর আগে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার আরও একবার নতুন জীবন শুরু করলেন তিনি।
খবরওয়ালা/এন