খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সৌদিয়া ও ইগল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. আরাফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নয়াহাট শাহ আমানত গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছরা এলাকার নুরুল হোসেনের ছেলে।
আহতদের মধ্যে নাবিল (১১), সিয়াম (১৮), ফারজানা আক্তার (১৮), দেলোয়ারা বেগম (৩৮), মনোয়ারা বেগম (৪০), লুৎফুন্নেছা (৩৫), আকবর আলী (৪৪), আলী হায়দার (২৬), ইসমাইল (২৯), জালাল উদ্দীন (২৫), নুর বানু (১৮), মানিক (২৩), আহমদ কবির (৫৮), আসিফ (৩০), সৌরভ (২৪) ও আরও অনেকে রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, “শুক্রবার রাতে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়াগামী ইগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইগল পরিবহনের বাস চালক নিহত হয়েছেন এবং অনেক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি থানায় নিয়ে আসা হয়েছে।”
খবরওয়ালা/আশ