খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির হত্যা করেছেন বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
তিনি দাবি করেন, ‘হেলমেট বাহিনী’ নামে পরিচিত শিবির সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নিলুফার চৌধুরী মনি বলেন, বর্তমান সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত। তিনি অভিযোগ করেন, “আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে তারা ছিল শিবির, নিজেদের আড়াল করে এসব কাজ করেছে। আবরার হত্যার আসামিদের উকিল শিশির মনি—এটাই প্রমাণ করে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
তিনি আরও দাবি করেন, আবরার হত্যায় আসামিদের পক্ষে আইনজীবী হওয়াই ইঙ্গিত দেয়, ঘটনার পেছনে ছিল শিবির বাহিনী।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্ট আবরার হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ এর রায় বহাল রাখে। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
খবরওয়ালা/আশ