আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের মাধ্যমে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। 

তবে, সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। একই সাথে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক থাকবে।

আজ শনিবার সকাল ১০টায় বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এই বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা থাকায় দুই দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত আট দিনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আট দিন বিরতির পর ৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, যদিও আমদানি-রপ্তানি আট দিনের জন্য বন্ধ থাকবে, সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে অন্য দিনগুলোতে কাস্টমসের দাপ্তরিক কাজ সচল থাকবে। আমদানিকারকরা চাইলে বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করতে পারবেন এবং এ ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।