বাংলাদেশকে দেখে শেখা উচিত পাকিস্তানের: কামরান আকমলের

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ দলের জয় ক্রিকেট বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। আজ টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের আগে পাকিস্তান দলকে বাংলাদেশের খেলার ধরন থেকে শিক্ষা নিতে পরামর্শ দিয়েছেন দেশের সাবেক ক্রিকেটার কামরান আকমল। ইউটিউব চ্যানেলে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রদর্শিত খেলার প্রশংসা করেছেন।

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল টাইগারদের গেম অ্যাওয়ারনেস ও রান তাড়ার ধরণে মুগ্ধ হয়েছেন। ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে। বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’

সাইফ ও হৃদয়ের ইনিংসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী, ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।’

কামরান আকমল পাকিস্তান দলের জন্যও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ আজ কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের ওপর ভিত্তি করে ম্যাচ জেতেনি; বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা দিয়ে জিতেছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, পাকিস্তান যদি আজ ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করতে পারলে ভালো হবে। তিনি বলেন, ‘অভিষেক শর্মাকে প্রথম বা দ্বিতীয় ওভারে আউট করতে হবে। নইলে বড় একটা সেঞ্চুরি দেখতে হবে। ভারত তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে রান তাড়া করতে চাইবে। যে কারণে পাকিস্তান টসে জিতলে প্রথমে বোলিং করা উচিত। যাতে ভারতের ব্যাটসম্যানদের দ্রুত আউট করা যায়।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।