পণের টাকা না পাওয়ায় গৃহবধূর ঘরে সাপ ছেড়ে দেন শ্বশুর-শাশুড়ি!

ভারতের উত্তরপ্রদেশে পণের টাকা না পাওয়ায় এক গৃহবধূর ঘরে সাপ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর দিদি।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভুক্তভোগী গৃহবধূর নাম রেশমা।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের কানপুর শহরের কলোনেলগঞ্জ এলাকার শাহানওয়াজ নামের এক যুবকের সঙ্গে ২০২১ সালে রেশমার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই শাহানওয়াজ ও তার পরিবারের সদস্যরা পণের টাকা দাবিতে রেশমাকে নানাভাবে চাপ দিতেন এবং শারীরিক নির্যাতন করতেন। কয়েকদিন আগে মারধরের জেরে দেড় লাখ টাকা দেওয়া হলেও পরবর্তীতে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ নিয়ে দ্বন্দ্বের জেরে রেশমাকে একটি ঘরে আটকে রেখে সেখানে সাপ ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ওই সময় রেশমাকে তার দিদি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রেশমাকে জোর করে একটি ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন শ্বশুর-শাশুড়িসহ পরিবারের কয়েকজন সদস্য। এরপর ঘরে সাপ ছেড়ে দেওয়া হয়। রাতের বেলায় সাপ রেশমাকে কামড় দিলে তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। কিন্তু পরিবারের কেউ সাহায্য না করে বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। কষ্টের মধ্যেই রেশমা তার দিদির সঙ্গে যোগাযোগ করেন। পরে দিদি গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় রেশমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুরসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।