খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. আবুল কাশেম রোগীর আত্মীয়ের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল ভাষা ব্যবহার ও দুর্ব্যবহার করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী বরখাস্তের আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে। তবে নিয়ম অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. কাশেমের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশুর বাবা ও স্বজনদের সঙ্গে তিনি অশালীন, অপমানজনক ও হুমকিমূলক আচরণ করছেন। এ সময় তিনি আক্রমণাত্মক ভাষায় কটূক্তি করেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেন। সুশীল সমাজের প্রতিনিধি আজহারুল ইসলাম জুয়েল বলেন, ‘একজন চিকিৎসকের মূল দায়িত্ব রোগীর সেবা করা। কিন্তু তার ভাষা ও আচরণ সামাজিকভাবে অগ্রহণযোগ্য। চিকিৎসক সমাজের জন্য এটি কলঙ্কজনক।’
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়। পরে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।
খবরওয়ালা/এন