খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) আরও ১৫ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। রবিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে দুই বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠকের পর এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভারত থেকে দেশে ফেরা ব্যক্তিরা হলেন: শ্যামনগর উপজেলার অনিমা মণ্ডল ও তার মেয়ে সুপর্ণা রায়; কয়রা উপজেলার নূরনবী গাজী, তার স্ত্রী মুর্শিদা খাতুন এবং তাদের দুই সন্তান আলম গাজী ও হালিমা পারভিন; একই গ্রামের মেহের আলী ঢালী, তার স্ত্রী তহমিনা খাতুন ও তাদের মেয়ে রিনা পারভিন; পাটাখালী গ্রামের আনিছুর রহমান, তার স্ত্রী মায়মুনা খাতুন ও তাদের ছেলে মুস্তাকিম মালী; যশোরের অভয়নগর উপজেলার দীপু মণ্ডল এবং শরীয়তপুর সদর উপজেলার আমেনা আক্তার।
আইন অনুযায়ী, বিজিবি সদস্যরা বিএসএফের হস্তান্তরকৃত ১৫ জন বাংলাদেশিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে তুলে দেন।
ফিরে আসা নূরনবী গাজী জানান, তিনি গত তিন বছর ধরে ভারতের একটি শহরে শ্রমিকের কাজ করছিলেন। বর্তমানে ভারত সরকার মাইকিং করে বাংলাদেশিদের নিজ দেশে ফিরে যেতে বলছে। এ কারণে তিনি গত শনিবার রাতে তার পরিবারের সঙ্গে আমুদিয়া বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবরওয়ালা/টিএসএন