পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে এ মিছিল হয়। এই সড়কের পাশেই চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয় ও দামপাড়া পুলিশ লাইনস অবস্থিত।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, নগরের এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন ২০ থেকে ২৫ জন। তাঁদের হাতে একটি ব্যানার ছিল। সেখানে লেখা, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই।’ ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল।

মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয়ে পেরিয়ে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন।

জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরে দুপুরে সাংবাদিকেরা স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে বুধবার ছাত্রলীগের ঝটিকা মিছিল সম্পর্কে প্রশ্ন করেন। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ ঢাকায় মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। তারা যেন সহজে জামিন না পায়, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সবাই মাঠে নামবে। তবে ছোটখাটো এসব (ছাত্রলীগের) মিছিল আর হবে না।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।