খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাট মডেল থানায় চুরি মামলায় রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মোজাফফর (২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।
পুলিশ জানায়, গেল ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি সন্দেহ মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরে ওইদিনই তাকে চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামিদের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানায়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত মৃত মোজাফফরের কোনো স্বজনকে পাওয়া যায়নি।
বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করে দেখা যায় তার গুরুত্বর হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবরওয়ালা/এসআর