ছাগল চোরের হেদায়েত চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল

ফরিদপুরের মধুখালী উপজেলায় ছাগলচুরির ঘটনায় এক যুবকের মানবিক উদ্যোগ আলোচনায় এসেছে। চুরি যাওয়া ছাগল ফেরত না পেয়ে কিংবা চোরকে অভিশাপ না দিয়ে তার হেদায়েতের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ওই যুবক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মসজিদে জুমার নামাজের পর স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ এ আয়োজন করেন।

প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়। প্রথমে তিনি দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নভাবে চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে আবার কখনো লোভে অপরাধের পথে যায়। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং তার জন্য দোয়া করা উচিত, যেন তিনি ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসেন।

এ উপলক্ষে সবুজ মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান। আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। তারা উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে গালমন্দ করে, কিন্তু এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, ‘চোর হয়তো অভাবে কিংবা লোভের কারণে এ অপরাধ করেছেন। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি তবে আমার আর তার মধ্যে তফাৎ থাকে না। আমি চাই, তিনি তার ভুল বুঝতে পারেন এবং এ পথ থেকে ফিরে আসেন। আমার এ প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয়ের পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখুক।’

স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু এলাকায় নয় বরং পুরো সমাজেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।